রুটি-রুজি রক্ষায় রাজপথে ব্যবসায়ীরা, উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি
চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর চাতরী চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ ডিসেম্বর) বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর চাতরী চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আবুল কাশেম (মেম্বার)। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাকসুদুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং অর্থ সম্পাদক জনাব নাসির উদ্দিন।
বক্তারা বলেন, কোনো পূর্ব নোটিশ ও যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়াই বাজারে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও অবৈধ। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শত শত ব্যবসায়ী পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে এবং তাদের রুটি-রুজি হুমকির মুখে পড়বে।
তারা অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে ব্যবসায়ীদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শামসুদ্দিন, আখতারুজ্জামান, নাজিম উদ্দিন শাহ, মোঃ কাসেম সওদাগর, মোঃ আকবর, মোঃ সুমন, জামাল সওদাগরসহ বৃহত্তর চাতরী চৌমুহনী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা।
কর্মসূচি শেষে ব্যবসায়ীরা তাদের ন্যায্য দাবির পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।