চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক | প্রবাসী নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তাঁর দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন আলহাজ্ব আমিনুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা ও সৌহার্দ্যের মাধ্যমে ভোট প্রার্থনার নির্দেশনা দেন তিনি।