আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী আশরাফুল আলম শিমুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা কালী মন্দিরের সামনে থেকে আশরাফুল আলমকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে শিমুলের আটক হওয়ার খবরটি। জানা যায়, আশরাফুল আলম একাধিক মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
সূত্রে জানা যায় আশরাফুল আলম শিমুলের বাবা খায়রুল বাকী মিয়া মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। এর কারণে উপজেলাজুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। বাবার সুনাম আর ব্যক্তিগত ইমেজকে পুঁজি করে আশরাফুল আলম শিমুল প্রথমে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও পরে ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে আশরাফুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি এক শতাংশ স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান যাচাইবাছাই পর্বে তার মনোনয়ন ফরম বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন।