
আজ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৬, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, আমাদের জুলাই গণ-অভ্যুত্থানকারীদের কাছে প্রতিশ্রুতি ছিল, নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের যে প্রত্যয় ছিল, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে।
জুলাই ও আগস্টের সময়কালে সংঘটিত কার্যাবলী থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে সে মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এছাড়া এখন থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা যাবে না। তবে জুলাই ও আগস্টে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে সে ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না।
আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে, যেটার সঙ্গে জুলাই অভ্যুত্থান সম্পৃক্ত নয়, লোভের বশবর্তী হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ও সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড ঘটায়, এ আইনের মাধ্যমে তাঁকে দায়মুক্তি দেওয়া হবে না। এই আইনটি তাদের জন্য করা হয়নি। আইনটি করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংঘটিত কার্যাবলীর ক্ষেত্রে। সে কার্যাবলীতে যারা সমন্বিতভাবে জড়িত ছিল, তাদেরকে দায়মুক্তি দেওয়া হচ্ছে।