
সাইফুল ইসলাম-আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ তার মেয়েকে নিয়ে ইছামতি খালে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় ৮ বছর বয়সী মেয়ে রাইসার মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছেন তার মা জান্নাতুল ফেরদৌস (৩২)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সদরের খাদ্যগুদাম সংলগ্ন সেতুর নিচে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌসের বাপের বাড়ি চাতরী এবং শ্বশুরবাড়ি সৈয়দ কুচাইয়া এলাকায়। তার স্বামী মো. কাইছার প্রবাসে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীরা সেতুর নিচে খালের পানিতে মা ও মেয়েকে ভাসতে দেখে পাশের ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাইসার মামাতো ভাই মহিন বলেন, “রাইসা আমার মামাতো বোন। আমার মামা বিদেশে থাকেন। আমার জানা মতে তাদের পরিবারে বড় কোনো অশান্তি ছিল না। কেন এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না।”
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসরাত জানান, “দুপুর সাড়ে ১২টার দিকে মা ও মেয়েকে হাসপাতালে আনা হয়। তখন দেখা যায় শিশুটি মারা গেছে। মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।” ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।