প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যা: অপহরণ ও ধর্ষণের অভিযোগ

প্রবাসী নিউজ ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ ঘরে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
এ সময় নাতনি জামিলাকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পরে পাশের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, কিশোরীকে অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।
ওসি মো. মমিনুজ্জামান জানান, সকালে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি