প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
আনোয়ারায় খাস জমি কেটে মাটি বিক্রি: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আনোয়ারায় খাস জমি কেটে মাটি বিক্রি: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চলা এই কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের কঠোর নির্দেশনা সত্ত্বেও বন্ধ হয়নি অবৈধ মাটি কাটার কার্যক্রম। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনের বেলায়ই প্রকাশ্যে চলছে মাটি কাটা ও বিক্রির এই বাণিজ্য।
অভিযোগ রয়েছে, খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা সুজন সিংহ প্রশাসনিক অনুমোদনের দাবি তুলে পারকী পর্যটন এলাকার উন্নয়নের কথা বলে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। তুলাতুলী মৌজা থেকে টানেল সার্ভিস সংলগ্ন পর্যটন এলাকায় ভরাটের অজুহাতে নিয়মিত মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব কার্যক্রমের বৈধতা নিয়ে স্থানীয়দের মধ্যে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকর অভিযান না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সংসদ সদস্যের নির্দেশনার পর একবার অভিযান চালিয়ে জরিমানা করা হলেও পরবর্তীতে তৎপরতা অনেকটাই শিথিল হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশ্ন তুলেছেন স্পষ্ট নির্দেশনার পরও কীভাবে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকে? এর পেছনে কোনো প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন তারা।
এ বিষয়ে আনোয়ারা উপজেলার নবাগত ইউএনও মহিন উদ্দিন বলেন, অবৈধ মাটি কাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি