প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
ব্যাপক উৎসাহে কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
ব্যাপক উৎসাহে কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি। শিশুদের প্রাণঘাতী এই দুই রোগ থেকে সুরক্ষা দিতে সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চরলক্ষ্য ইউনিয়নের স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। এ সময় তিনি বলেন, শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানের বিকল্প নেই, তাই সকল অভিভাবককে সচেতন হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাসিন মোস্তফা এবং মেডিকেল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা. সোমা চৌধুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের প্রধান শিক্ষক ও কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নুর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা জানান, কর্ণফুলী উপজেলায় প্রায় ২৬ হাজার শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। তিন সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ে নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করুন। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই আমরা হাম ও রুবেলা প্রতিরোধ করতে পারি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি