প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
কর্ণফুলীতে ১৫ বছর বয়সী জিসান নামে এক ছেলে নিখোঁজ—৭ লাখ টাকা মুক্তিপণ দাবি, ‘আব্বু’ বার্তায় আতঙ্ক

কর্ণফুলীতে ১৫ বছর বয়সী জিসান নামে এক ছেলে নিখোঁজ—৭ লাখ টাকা মুক্তিপণ দাবি, ‘আব্বু’ বার্তায় আতঙ্ক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় ১৫ বছর বয়সী জিসান নামে এক ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের দুই দিন পর তার পরিবারের কাছে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ জিসানের পুরো নাম জয়নাল হাসান মুহিন। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ১৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২১ এপ্রিল কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। পরিবারের দাবি, জিডি করার দিনই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রথমে জিসানের কণ্ঠ শোনানো হয়। এরপর এক ব্যক্তি ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে পটিয়া বাইপাস এলাকায় যেতে বলে। পরে আবার পটিয়া বাস কাউন্টার-এ আসতে বলা হয়। টাকা না দিলে রাতের মধ্যেই জিসানকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এরপর ২২ এপ্রিল আরেকটি অজ্ঞাত নম্বর থেকে ‘আব্বু’ লিখে একটি বার্তা পাঠানো হয়, যা পরিবারটির উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এ ঘটনায় পরিবারটি অপহরণের আশঙ্কা করলেও সংশ্লিষ্টদের কেউ কেউ এটিকে প্রতারণা চক্রের কাজ হতে পারে বলেও মনে করছেন। এ বিষয়ে কর্ণফুলী থানা-র সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জিসানকে উদ্ধারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ডিবি পুলিশ-ও বিষয়টি খতিয়ে দেখছে। নিখোঁজ জিসানকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপ কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি