প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
কর্ণফুলীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

কর্ণফুলীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত ৩
নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও এক ভ্যানচালক রয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ধসে পড়া দেয়ালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি স্থানীয়ভাবে জানা থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বিকেলে এক ভ্যানচালকের কাছ থেকে তরকারি কেনার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা, ভ্যানচালক ও দুই শিশু চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই দেলোয়ারা বেগমের মৃত্যু হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দেয়াল ধসে এক নারীর মৃত্যু এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ দেয়ালটি আগে থেকেই অপসারণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি