প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চারজনের বিরুদ্ধে মামলা

আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চারজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় খালার বাড়িতে যাওয়ার পথে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলাটি করা হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার মধ্যে দুই দফায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুণী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এজাহারে বলা হয়, রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে অন্য অভিযুক্তরা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, তাঁকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।
পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তাঁর মাকে জানান। পরে তাঁর মা থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত চারজন হলেন—রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি