প্রিন্ট এর তারিখঃ Jun 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
আনোয়ারায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) পশ্চিম বরৈয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার। নিহত মুন্নি কক্সবাজারের রায়পুর এলাকার ইসহাকের মেয়ে। তিনি আনোয়ারার পশ্চিম বরৈয়া গ্রামের নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্বামীর বাড়িতে অবস্থানকালে মুন্নির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মুন্নিকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেন, মরদেহ উদ্ধারের সময় মুন্নির পা মাটির সঙ্গে লাগানো ছিল, যা স্বাভাবিক আত্মহত্যার ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্য, এটি একটি “সাজানো নাটক” এবং এর পেছনে হত্যার ষড়যন্ত্র রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন স্বজনরা। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি