প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
আনোয়ারায় কিশোর গ্যাং ‘ডার্বি গ্রুপ’ আতঙ্ক

রায়হান–মারুফের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ,দখলবাজির অভিযোগ এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কথিত কিশোর গ্যাং ‘ডার্বি গ্রুপ’–এর বিরুদ্ধে চাঁদাবাজি, মাছের ফাঁড় দখল, ভূমি দখল, হামলা ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অভিযোগের তীর উঠেছে গ্রুপটির নেতৃত্বে থাকা রায়হান ও মারুফের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠলেও তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার বাসিন্দা রায়হান ও মারুফের নেতৃত্বে পরিচালিত ডার্বি গ্রুপের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ব্যবসায়ীদের হুমকি, মাছের ফাঁড় ও ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাদের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি জাফর নামে এক ওয়াইফাই ব্যবসায়ীর কাছে প্রায় দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে ব্যবসা গুটিয়ে এলাকা ছাড়ারও হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি। এছাড়া, তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সিংহরা এলাকার বাসিন্দা ইব্রাহিম সওদাগর অভিযোগ করে বলেন, রায়হান–মারুফের কারণে এলাকায় স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। চাঁদাবাজি, কান্দরিয়া খালের মাছের ফাঁড় দখল, ভূমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে তাদের নাম শোনা যায়। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না। স্থানীয় বাসিন্দা শিমুল দত্ত বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির পরিবেশ রয়েছে। কিন্তু কিছু উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি যেকোনো সময় অস্থিতিশীল হতে পারে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ডার্বি গ্রুপের রায়হান–মারুফ পুলিশের নজরদারিতে রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করা গেলে যেকোনো সময় গ্রেফতার করা হবে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি