প্রিন্ট এর তারিখঃ Jun 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

১০ দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন, আদালতে চার্জশিট জমা দিল চট্টগ্রাম জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, একমাত্র আসামিকে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে আনোয়ারা উপজেলার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হয় অর্ক বড়ুয়া। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ৯৯৯ নম্বরে কলের মাধ্যমে সংবাদ পাওয়ার পর আনোয়ারা থানা পুলিশ এবং চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে গঠিত বিশেষ তদন্ত দল তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং মাঠপর্যায়ের অনুসন্ধান সমন্বয়ের মাধ্যমে মামলার অগ্রগতি ত্বরান্বিত করে। তদন্তের এক পর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়াকে পটিয়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে নিহত এনি বড়ুয়ার মৃত্যুকালীন জবানবন্দি সম্বলিত একটি ভিডিও সংগ্রহ ও অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। পুলিশ জানায়, তদন্ত চলাকালে ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি রিমন বড়ুয়া বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, উদ্ধারকৃত আলামত, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্যপ্রমাণ, প্রযুক্তিগত তথ্য এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত সম্পন্ন করেন। চট্টগ্রাম জেলা পুলিশের পেশাদার ও নিরলস তদন্ত কার্যক্রমের ফলে মামলা রুজুর মাত্র ১০ দিনের মধ্যে একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়ার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩০৭ ও ৩০২ ধারায় অভিযোগপত্র নং-১৪৭, তারিখ ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাটিকে বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিচারিক কার্যক্রম শেষে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান ও পেশাদার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি