প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2026 ইং
কর্ণফুলীতে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কর্ণফুলীতে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকার বায়তুল মাহমুদ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুসল্লি ও এলাকাবাসী। বিগত ২০ বছরের হিসাব চাওয়ায় এবং মসজিদের জমি নিজের নামে নামজারি করার প্রতিবাদ করায় সাবেক সভাপতি শওকতের প্ররোচনায় এই মিথ্যা মামলা দায়ের করা হয় বলে জানান মানববন্ধনে আগত মুসল্লিরা। তারা বলেন, প্রায় দুই দশক ধরে একই কমিটি মসজিদ পরিচালনা করলেও নিয়মিতভাবে মুসল্লিদের কাছে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়নি। পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতা ব্যবস্থাপনায়ও অনিয়ম রয়েছে বলে দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মসজিদের একটি জমি সাবেক সভাপতি শওকত নিজের নামে নামজারি করেছেন । বিষয়টি নিয়ে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান তারা। এলাকাসী আরো বলেন, দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর থেকে কমিটির সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। গত শুক্রবার জুমার নামাজের পর পুলিশের উপস্থিতিতে বহিরাগত ইমরুল, এরফান, এরশাদ কমিটির লোকজনকে হামলা করতে চেষ্টা করে। পরে আবার তারাই কমিটির বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলাও দায়ের করে। মানববন্ধনে বক্তারা বলেন, "মসজিদ আল্লাহর ঘর। এখানে কোনো ধরনের অনিয়ম, অস্বচ্ছতা বা ব্যক্তিস্বার্থের স্থান থাকতে পারে না। আমরা চাই, দীর্ঘদিনের সব আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হোক এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।"মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়তুল মাহমুদ জামে মসজিদের অ্যাডহক কমিটির সভাপতি মো. আলী, সেক্রেটারি মো. নাসিম, সহ-সেক্রেটারি মাওলানা শাহাদাৎ, অর্থ সম্পাদক মফজল আহমদ। এছাড়া সাবের, বাবুল, হাসান, আজিজ, সাইফুল, হাশেম, ইলিয়াসসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি