প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
আনোয়ারায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১০

আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক
মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ এবং মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদের মাদকসহ এবং মাদক সেবনের সময় আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. ফারুক (৪২), মহিদুল হক, মো. সায়েম, দিদারুল আলম, মো. ইদ্রিস (৩৯), আনোয়ারা হোসেন ওরফে মানিক (১৯), বিজয় নাথ (২৮), মো. রুবেল (২৯), মো. আশিক (২৪) ও মো. শরীফ (২৮)। পুলিশের তথ্য অনুযায়ী, ফারুক উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার বাসিন্দা। মহিদুল হক ও সায়েম পূর্ব হেটিখাইন এলাকার, দিদারুল আলম দক্ষিণ শিলাইগড় এলাকার, মো. ইদ্রিস হাইলধর এলাকার, আনোয়ারা হোসেন ওরফে মানিক পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকার এবং বিজয় নাথ হাইলধর এলাকার বাসিন্দা। মো. রুবেল হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার বাসিন্দা। মো. আশিক রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার এবং মো. শরীফ কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। বর্তমানে তিনি গহিরা ফরিদ কলোনিতে বসবাস করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আনোয়ারাকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি