প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করে সমন্বিত অভিযান চায় কর্ণফুলী প্রেসক্লাব

মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করে সমন্বিত অভিযান চায় কর্ণফুলী প্রেসক্লাব
মোঃ সাইফুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন, মাদকপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদারের দাবি জানিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় কর্ণফুলী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক মতবিনিময় সভায় এসব দাবি ও মতামত উঠে আসে। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় কর্ণফুলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বলেন, প্রতিটি ওয়ার্ডের মাদকসংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি কার্যকর তালিকা তৈরি করা গেলে মাদকপ্রবণ এলাকা ও সংশ্লিষ্টদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এর সঙ্গে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও নাগরিকদেরও সম্পৃক্ত করতে হবে। নিয়মিত নজরদারি, অভিযান এবং সামাজিক সচেতনতা—এই তিনটি বিষয় সমন্বিতভাবে এগিয়ে নেওয়া গেলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হতে পারে। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মোঃ জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ ও প্রবাসী টিভির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি