প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে সচেতনতামূলক র্যালি, অংশ নিলেন চিকিৎসক-শিক্ষার্থীরা

বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে সচেতনতামূলক র্যালি, অংশ নিলেন চিকিৎসক-শিক্ষার্থীরা
মোঃ সাইফুল ইসলাম চট্টগ্রাম
মেরুদণ্ডের সুস্থতা রক্ষা ও রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) ‘স্পাইন অ্যান্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে নগরের সাউদার্ন লাইটস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মেরুদণ্ডের সুস্থতা বজায় রাখতে সঠিক শারীরিক ভঙ্গি, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁদের মতে, দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকা, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও শারীরিক পরিশ্রমের অভাব মেরুদণ্ডের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। এ কারণে দৈনন্দিন জীবনে মেরুদণ্ডের যত্ন নেওয়া এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি। উপস্থিত ছিলেন স্পাইন অ্যান্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আহ্বায়ক ডা. মাহফুজুল কাদের। বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলসের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আবছার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবু নাসের, প্রকৌশলী হুমায়ুন কবির, আহমেদ মুনির, গোলাম মোস্তফা ইকবাল ও চিকিৎসক ডা. সুমন করসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল করিম কচি এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি সুস্থ সমাজ গঠনে মেরুদণ্ডের রোগ প্রতিরোধ এবং এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এর আগে বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন ক্লাবের রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্য, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা মেরুদণ্ডের সুস্থতা রক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি