প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
কর্ণফুলীতে ভাড়া বাসার দরজা ভেঙে সৌদিপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে ভাড়া বাসার দরজা ভেঙে সৌদিপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে ভাড়া বাসার দরজা ভেঙে মো. হাসান নামে এক সৌদিপ্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ডে আফসার নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. হাসান আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বরুমছড়া এলাকার মো. সেলিম ও ছকিনা বেগমের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে দেশে ফেরেন তিনি।
নিহতের ছোট ভাই তৌহিদ হাসান জানান, প্রায় চার মাস আগে শেফালী বেগমের সঙ্গে হাসানের বিয়ে হয়। এটি ছিল হাসানের দ্বিতীয় বিয়ে। শেফালী বেগমেরও আগে বিয়ে হয়েছিল। তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে দাবি করেন তিনি। তবে ওই কলহের সঙ্গে হাসানের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর হাসানের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি