প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
৩২৭ প্রতিযোগীর মধ্যে সেরা তানভীর, চাতরী আনোয়ারুল উলুমের ৫ শিক্ষার্থীকে সম্মাননা

৩২৭ প্রতিযোগীর মধ্যে সেরা তানভীর, চাতরী আনোয়ারুল উলুমের ৫ শিক্ষার্থীকে সম্মাননা
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪৪টি মাদরাসার ৩২৭ জন প্রতিযোগীর মধ্যে পাঁচ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে চাতরী আনোয়ারুল উলুম মাদরাসার শিক্ষার্থী তানভীর হোসেন। তার এ সাফল্যসহ শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মাদরাসাটির পাঁচ শিক্ষার্থীকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি সম্মাননা পেয়েছেন হিফজ বিভাগের একজন শিক্ষক। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় মাদরাসার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা নুরুল হক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত পঞ্চম হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ তানভীর হোসেনের এ অর্জন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং হিফজ শিক্ষায় শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল আজিজ ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দীন, সাংবাদিক খালেদ মনসুর, সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম ও শিক্ষানুরাগী মাওলানা মুন্তাকিম। এ ছাড়া মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফজ ও ইসলামী শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে শিক্ষকদের সম্মাননা তাঁদের নিরলস শ্রম, ত্যাগ ও আন্তরিকতার স্বীকৃতি। তাঁরা আরও বলেন, কুরআনের হাফেজরা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি সমাজের সর্বস্তরে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে হিফজুল কুরআন ও ইসলামী শিক্ষায় আরও সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি