প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী নটু মিত্রের

আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী নটু মিত্রের
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নটু মিত্র উপজেলার বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হিমাংশু মিত্র। প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। এ সময় টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জানতে পারেন, আহতদের মধ্যে একজন মারা গেছেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি