প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
কর্ণফুলীতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

কর্ণফুলীতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ
মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
জরুরি দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়াদান নিশ্চিত করা এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (প্রশাসন-১) ও উপসচিব তাসনূভা নাশতারান। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুল হক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে দুর্যোগকালীন জরুরি সাড়াদান পদ্ধতি জোরদার, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং দ্রুত সাড়াদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি