প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
আনোয়ারার ডুমুরিয়া থেকে জাতীয় স্বীকৃতি, প্লাস্টিক রিসাইক্লিংয়ে বর্ষসেরা আলভি

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বর্ষসেরা গ্রিন এসএমই’ পুরস্কার গ্রহণ, বর্জ্য প্লাস্টিক প্রক্রিয়াজাত করে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
পরিত্যক্ত প্লাস্টিক বোতলকে সম্পদে রূপান্তর করে পরিবেশবান্ধব শিল্পায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তান তরুণ প্রকৌশলী ও শিল্পোদ্যোক্তা হামিদ হাসান আলভি। তাঁর প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য প্লাস্টিক আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য শিল্পের কাঁচামাল। যা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে অবদানের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ পুরস্কার পেয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। হামিদ হাসান আলভি পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় দুই লাখ বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি গত পাঁচ বছর ধরে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পপণ্য উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির কারখানায় ব্যবহৃত পিইটি (PET) প্লাস্টিক বোতল আধুনিক হট-ওয়াশ প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হচ্ছে উচ্চমানের রিসাইকেলড পিইটি (আরপিইটি) ফ্লেক্স। এসব কাঁচামাল স্পেন, ইতালি, জার্মানি, লিথুয়ানিয়া ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৪ হাজার ৪০০ মেট্রিক টন। এতে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। পরিবেশ সুরক্ষায়ও প্রতিষ্ঠানটি নিয়েছে বিশেষ উদ্যোগ। কারখানায় স্থাপন করা হয়েছে ২৪০ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা। পানি পুনর্ব্যবহারে ব্যবহার করা হচ্ছে ক্লোজড-লুপ প্রযুক্তি। পাশাপাশি বয়লারে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বায়োমাস। প্লাস্টিক রিসাইক্লিং-সংক্রান্ত ইউরোপীয় আন্তর্জাতিক মানের সনদও অর্জন করেছে প্রতিষ্ঠানটি। হামিদ হাসান আলভি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তান। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। প্রকৌশল জ্ঞানকে কাজে লাগিয়ে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব শিল্পায়নে গড়ে তুলেছেন সম্ভাবনাময় এই উদ্যোগ। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় হামিদ হাসান আলভি বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ের এই সম্মাননা গ্রহণ তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। এ সাফল্য তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ে প্লাস্টিক বোতল সংগ্রহের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের প্রতি উৎসর্গ করেছেন। দেশে রিসাইক্লিং শিল্পের বিকাশে সবুজ অর্থায়ন ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। পরিত্যক্ত প্লাস্টিককে রপ্তানিযোগ্য শিল্পের কাঁচামালে রূপান্তরের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি করেছেন হামিদ হাসান আলভি। আনোয়ারার ডুমুরিয়া গ্রামের এই তরুণ উদ্যোক্তার জাতীয় স্বীকৃতি স্থানীয়ভাবে গর্ব ও অনুপ্রেরণার নতুন উপলক্ষ হয়ে উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি