প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
আনোয়ারায় সড়কে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলায় জরিমানা ১৩ হাজার ৯০০ টাকা

আনোয়ারায় সড়কে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলায় জরিমানা ১৩ হাজার ৯০০ টাকা
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় সড়কে অবৈধ পার্কিং ও যানবাহনের কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি বাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, লাইসেন্স ছাড়া ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো, গাড়ির রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানবাহন চলাচলে আইন মেনে চলা নিশ্চিত করতে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ প্রবাসী নিউজ টিভি