• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চালককে পিটিয়ে সিএনজি ছিনতাই, ২৪ ঘণ্টার মধ্যেই চক্রের দুই সদস্য গ্রেফতার; উদ্ধার অটোরিকশা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
ছবির ক্যাপশন: MD Saiful Islam

২৪ ঘণ্টার মধ্যেই চক্রের দুই সদস্য গ্রেফতার; উদ্ধার অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা। পুলিশের এ সফল অভিযানে স্বস্তি ফিরেছে সিএনজি চালক ও মালিকদের মাঝে। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজারের মহেশখালী উপজেলার আধারঘোনা এলাকার মোঃ কাদের (১৯) ও নাহিদুল ইসলাম নাহিদ (২২)। তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে বাঁশখালীর গুনাগড়ি সিএনজি স্টেশন থেকে আনোয়ারার মালঘর বাজারে যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ নেয় দুই ব্যক্তি। পথে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আরও দুই সহযোগী গাড়িতে ওঠে। পরে গভীর রাতে আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর-বারখাইন সড়কে পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক সাইফুদ্দিনকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ছিনতাইকারীরা চালকের কাছ থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা, প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং সিএনজি অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী ও গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে আনোয়ারা থানা পুলিশ। চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বোয়ালখালীর কালুরঘাট ব্রিজ এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।