আনোয়ারায় ইয়াবা-গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার পাশাপাশি ৭ থেকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল ও কালা বিবির দিঘী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ সাজ্জাদ হোসেন (৩২), নুরুল আবছার (৪২) ও মোঃ রিদোয়ান (২১) নামের তিন ব্যক্তিকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সাজ্জাদ হোসেনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নুরুল আবছারকে ১০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ. রিদোয়ানকে ১০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আইরমঙ্গল ও কালা বিবির দিঘী এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :