আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
আনোয়ারা উপজেলার কৃতি সন্তান ও একাত্তরের দুর্ধর্ষ গেরিলা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (১৭ মে) বিকেল ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমেদ শাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অমল মিত্র ছিলেন একজন সাহসী, দেশপ্রেমিক ও নীতিবান বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দক্ষতার সঙ্গে গেরিলা অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরকে শত্রুমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সহকারী সচিব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভূঁইয়া, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব অধ্যাপক দিলিপ কান্তি দাশ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আনোয়ারা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আয়ুব খান, সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন আহমেদসহ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, রাজা মিয়া, নাট্যকার দেওয়ান মাকসুদ, অধ্যক্ষ ডা. রতন কুমার নাথ, মুনমুন মিত্র, তাপস হোড়, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সাংবাদিক সুজিত কুমার দাশ, হাবিব উল্লাহ, অ্যাডভোকেট অশোক কুমার দাশ, শওকত বাঙালী, শ্যামল কুমার পালিত, কল্লোল সেন, নান্টু বড়ুয়া, বেলায়েত হোসেন, সাগর মিত্র, কাজল বোস, তাপস চৌধুরী, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, মিটুল দাশগুপ্ত, কাজী রাজেশ ইমরান, গৌতম দাশ, ইফতেখার হোসেন চৌধুরীসহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে অমল মিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষাংশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও বিভক্তিহীন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :