• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

দুই মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে কারখানা স্থাপনের কাজ শুরুর প্রস্তুতি সম্পন্ন


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্য, দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংযোগ স্থাপনের উদ্যোগ

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে আগামী দুই মাসের মধ্যে কারখানা স্থাপনের কাজ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি জানান, ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এ জন্য দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আনোয়ারার বৈরাগ এলাকায় প্রস্তাবিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেন বিজন কান্তি সরকার। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও পরিচালক নুর জাহান খানম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং চায়না ইকোনমিক জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভায় ওয়াসা, পল্লী বিদ্যুৎ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, পরিবেশ অধিদপ্তর, আনোয়ারা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় অবকাঠামো ও ইউটিলিটি সংযোগ নিশ্চিত করার বিষয়ে সভায় আলোচনা হয়। এতে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিজন কান্তি সরকার বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে কারখানা স্থাপনের কাজ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ অগ্রগতি সরেজমিনে দেখতে এবং দ্রুত কাজ শুরুর জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করতেই আমাদের এ পরিদর্শন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা উদ্বোধনের যে ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কারখানা চালু করা সম্ভব হবে। বিজন কান্তি সরকার আরও বলেন, আনোয়ারার বৈরাগ এলাকায় প্রায় ৮০০ একর জমিতে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে। এদিকে, প্রকল্প পরিদর্শনকালে অতিথিরা চায়না ইকোনমিক জোনের অফিস ভবনের সামনে নিমগাছের চারা রোপণ করেন। এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন। সেখানে তিনি কেইপিজেডের নিজস্ব হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউট ও গার্মেন্টস কারখানা ঘুরে দেখেন। গত মঙ্গলবার রাতে তিনি কেইপিজেডে পৌঁছান। পরে কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন শেষে বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম ইপিজেড (সিইপিজেড) পরিদর্শনের উদ্দেশে রওনা হন।