• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে ঐতিহ্যের আবহে ২০তম সাম্পান বাইচ


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ছবির ক্যাপশন: চ্যাম্পিয়ন ইছানগরের কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি

চ্যাম্পিয়ন ইছানগরের কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম 
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা। নদীর দুই পাড়জুড়ে হাজারো দর্শকের উপস্থিতিতে জমে ওঠে এ আয়োজন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইছানগরের “কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি” দ্বিতীয় হয়েছে শিকলবাহার “অহিদিয়া কাশেম মাঝি” দল এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরপাথরঘাটার “রনি” দল। রবিবার (১০ মে) বিকেলে নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় কর্ণফুলী ব্রিজঘাট এলাকায় গিয়ে। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১১টি সাম্পান দল অংশ নেয়। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ ঘিরে নদীপাড়জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাস। সঞ্চালনায় ছিলেন সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মির্জা ইসমাইল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম। তিনি বলেন, কর্ণফুলী নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য এ নদী রক্ষা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলম। আয়োজকরা জানান, কর্ণফুলী নদীর ঐতিহ্য ও সাম্পান সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।