আনোয়ারায় সরওয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
আনোয়ারায় ১ কোটি ৩৪ লাখ টাকায় নতুন একাডেমিক ভবন
মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় হাজীগাঁও-শোলকাটা সরওয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয়ে এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের সভাপতি নাজনীন নিজাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম, শাহওয়াজ জামাল নিজাম সনি, আক্তার নবী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, মো. লোকমান, শহিদুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ শাহাদাত হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম জেলার বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাসেম এন্টারপ্রাইজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।” দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে এবং শ্রেণিকক্ষের সংকট কমবে।
বিদ্যালয়ের সভাপতি নাজনীন নিজাম বলেন, নতুন ভবন নির্মাণ বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
শাহওয়াজ জামাল নিজাম সনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে দক্ষ করে গড়ে তুলতে হবে। আনোয়ারার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে খুব শিগগিরই আনোয়ারায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
জানা গেছে, চারতলা ভবনের ভিত্তির ওপর প্রথম ধাপে একতলা নির্মাণ করা হবে। নির্মাণকাজ শেষ হলে ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :