চট্টগ্রামে ধর্ষণবিরোধী মানববন্ধন
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে নারী ও শিশু সুরক্ষার প্রশ্নে কঠোর অবস্থানের আহ্বান জানানো হয়। রোববার (২৪ মে) অনুষ্ঠিত এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ধর্ষণ, নারী নির্যাতন ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে সরব ছিলেন অংশগ্রহণকারীরা। বিদ্যালয়ের পরিচালক সাব্বির ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন-এর সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মাইনুদ্দিন, শামসুন্নাহার সামু, মঞ্জুর আহমেদ এবং ফজলুল হক প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সচেতনতা বৃদ্ধি জরুরি। ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে” এবং “নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো কর্মসূচি। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতায় শিক্ষিত করতে পারলে সহিংসতা ও অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। নারী ও শিশু নির্যাতনমুক্ত নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :