• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবির পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রেসক্লাব


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ছবির ক্যাপশন:

কর্ণফুলী প্রেসক্লাবের  মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম)
মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হতে হবে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কর্ণফুলী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। নুরুল আমিন মিন্টু বলেন, মাদকের বিস্তারের কারণে তরুণ সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও কথিত থানার সোর্সের সহযোগিতায় বিভিন্ন এলাকায় মাদক কারবার অব্যাহত রয়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, কর্ণফুলীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি আধুনিক হাসপাতাল। ২০২২ সালে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও পরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য স্থান পরিদর্শন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। কিন্তু ২০২৬ সালে প্রকল্প যাচাই কমিটি ২৫০ শয্যার হাসপাতালকে অযৌক্তিক উল্লেখ করে মতামত দেওয়ায় বর্তমানে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। জনস্বার্থে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত কর্ণফুলীর মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে নুরুল আমিন মিন্টু বলেন, বহু মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খালেদ মনছুর, সহসভাপতি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।