কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ, শোভাযাত্রা ও সংস্কৃতিতে মুখর পুরো উপজেলা
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
নিজস্ব প্রতিবেদক, (চট্টগ্রাম)
উৎসব, ঐতিহ্য আর বাঙালিয়ানায় ভরপুর পরিবেশে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি জনসম্পৃক্ত এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বৈশাখী গানের তালে তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত পরিবেশন, নৃত্য এবং গ্রামীণ ঐতিহ্যভিত্তিক বিভিন্ন উপস্থাপনা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। শেষপর্বে পান্তা-ভাতসহ দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম, দক্ষিণ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এস. এম. ফোরকান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা নববর্ষকে বাঙালির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে তুলে ধরে নতুন বছরে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :