আনোয়ারায় ফাঁস ও ছুরিকাঘাতে কৃষকের দুই মহিষ হত্যা, হতবাক এলাকাবাসী
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
আনোয়ারায় ফাঁস ও ছুরিকাঘাতে কৃষকের দুই মহিষ হত্যা, হতবাক এলাকাবাসী
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় এক কৃষকের দুটি মহিষকে গলায় ফাঁস ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন বর্বর ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শঙ্খ নদীর তীরবর্তী ভরার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিষের মালিক কৃষক শফিউল আজমের ছেলে নাজিম উদ্দীন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক শফিউল আজম ভরার চর এলাকার শঙ্খ নদীর তীরে ‘শঙ্খ নদীর প্রজেক্ট’ এলাকায় মোট নয়টি মহিষ পালন করেন। প্রতিদিনের মতো ৩ অক্টোবর রাতে মহিষগুলোর দেখাশোনা শেষে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৪ অক্টোবর সকাল ৮টার দিকে সেখানে গিয়ে দুটি মহিষ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুই মহিষকে মৃত অবস্থায় দেখতে পান। অভিযোগে বলা হয়েছে, একটি মহিষের গলায় ফাঁস দেওয়া ছিল। অপর মহিষটির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মৃত দুটি মহিষের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিকপক্ষ। কৃষক শফিউল আজমের দাবি, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা কাউকে ঘটনাস্থলে দেখিনি। এ কারণে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয়রা বলেন, গৃহপালিত পশুকে এভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
আপনার মতামত লিখুন :