• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে চুরি হওয়া ৪১ দিনের শিশু ২২ ঘণ্টায় উদ্ধার


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে বাসা থেকে নিখোঁজ হওয়া ৪১ দিন বয়সী এক শিশুকে মাত্র ২২ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শনিবার রাত ১টার দিকে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর একটি বাসা থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক নারীর বিরুদ্ধে। ওই নারী শিশুটির পরিবারের পূর্বপরিচিত এবং নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের ভাষ্য, ঘটনার সময় শিশুটির মা ওই নারীর কাছে শিশুটিকে রেখে বড় দুই সন্তানকে বাসায় রেখে বাজারে যান। কিছুক্ষণ পর ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে নিয়ে ওই নারীকে বাসা থেকে বের হতে দেখা যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
পরিবারের অভিযোগ, শিশুটিকে নিয়ে যাওয়ার পর ওই নারী তার ভাড়া বাসা থেকেও টাকা-পয়সা ও কাপড়চোপড় নিয়ে চলে যান। বিষয়টি জানিয়ে দ্রুত কর্ণফুলী থানায় অভিযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর কর্ণফুলী থানা পুলিশের একটি দল নোয়াখালীর সুবর্ণচর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে শিশুটিকে নিয়ে যাওয়া ওই নারী পালিয়ে যেতে সক্ষম হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সুবর্ণচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শনিবার রাত ১টার পর শিশুটিকে কর্ণফুলী থানায় আনা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় কর্ণফুলী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ সময় তারা ওসি নূর মোহাম্মদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, অপারেশন অফিসার এসআই তীথংকর দাস, এসআই মো. কামাল উদ্দিন ও এএসআই মো. আজমীর শরীফসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।
এ ঘটনায় শিশুটিকে নিয়ে যাওয়ার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।