স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু: কর্ণফুলীতে পিকআপ চাপায় বাবা-ছেলে নিহত
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
আনোয়ারার চাতরীর বাসিন্দা, নিহত ছেলে ছিলেন স্কুলের বিজ্ঞান শিক্ষক
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। নিহত বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তারা চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে বৃদ্ধ বাবাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন শিক্ষক বিধান মল্লিক। বাবাকে নামিয়ে দিয়ে পরে তার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু পথেই ঘটে নির্মম দুর্ঘটনা। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকাল প্রায় ৮টার দিকে নতুন সেতু এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে দুই যানবাহনের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা বৃদ্ধ দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজন বাবলা মল্লিক বলেন, “আমার ভাই বিধান বাবাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। বাবাকে নামিয়ে দিয়ে তার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু এক দুর্ঘটনায় দুজনকেই হারালাম। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার পর বিধান মল্লিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহত তার বাবা দুর্গাপদ মল্লিকের মরদেহও হাসপাতালে আনা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক মহল, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :