আনোয়ারায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আনোয়ারা আইডিয়াল স্কুল, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি শুরু
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
আনোয়ারায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আনোয়ারা আইডিয়াল স্কুল, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি শুরু
মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
শিক্ষার মানোন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও বিদ্যালয়ের চেয়ারম্যান, আনোয়ারার কৃতী সন্তান এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও পার্কভিউ মেডিকেলের পরিচালক ডা. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আবুল হোসেন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম. আনোয়ারুল হক, আবদুল গফুর, এসএম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ। সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে আনোয়ারা আইডিয়াল স্কুলকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ, ভবিষ্যৎ পরিকল্পনা ও ভর্তি কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করার পাশাপাশি তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সাংবাদিক, অভিভাবক, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় আনোয়ারা সিটি সেন্টারের মালিক এসএম জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :