ঝাড়খণ্ডে ভয়াবহ বিমান দুর্ঘটনা, তদন্ত শুরু
মোঃ রফিকুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
ঝাড়খণ্ডে ভয়াবহ বিমান দুর্ঘটনা, তদন্ত শুরু
ভারতের আকাশপথে আবারও মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুল্যান্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ ও যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনায় বিমানটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)।
বিমানটি ছিল বিচক্রাফট সি-৯০ (Beechcraft C90) মডেলের এবং এটি পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৭টা ৩৪ মিনিটে এটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরে ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত বনাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
বিমানটিতে দুই পাইলট, একজন গুরুতর দগ্ধ রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক ছিলেন। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া বা বজ্রঝড়ের সম্ভাব্য ভূমিকার কথা বলা হলেও চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম। �
আপনার মতামত লিখুন :