জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে আনোয়ারায় পুলিশের বিশেষ মহড়া
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026 ইং
সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে থানা পুলিশ
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ মহড়ায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও এলাকায় টহল দেন পুলিশের সদস্যরা। মহড়ায় সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও সতর্ক অবস্থান প্রদর্শন করা হয়। এ সময় টানেল সড়ক, চাতরী চৌমুহনী বাজার, তৈলারদ্বীপসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের সদস্যরা মহড়া দেন। এতে আনোয়ারা থানার সব পুলিশ সদস্য অংশ নেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনোয়ারা থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, বিশেষ করে পর্যটন এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ ও নাশকতা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :