• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

চট্টগ্রামের ভয়াবহ বন্যার কারণ খতিয়ে দেখা হবে, অপরিকল্পিত উন্নয়নের অভিযোগ রিজভীর


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

চট্টগ্রামের বন্যার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী হেলাল

রিজভীর দাবি, অপরিকল্পিত উন্নয়নের ফলেই এ দুর্যোগ

মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অতীতের অপরিকল্পিত উন্নয়নের কারণেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে পরিবেশ ও প্রতিবেশির ক্ষতি হয়, এমন কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে না। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসেছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করছেন।‌ তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পানি প্রবাহে বাধা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় এ ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বন্যাকবলিত মানুষের পুনর্বাসন ও খাদ্যসহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রামে সৃষ্ট নজিরবিহীন বন্যার প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে স্লুইস গেট, কালভার্ট ও অন্যান্য স্থাপনা নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া কোথাও কোথাও অবৈধ বাঁধও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, বিএনপি নেতা মোহাম্মদ সারোয়ার, যুবদল নেতা গাজী মোহাম্মদ ফোরকান, জিয়াউদ্দিন জিয়া, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক টানা বর্ষণে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং বসতবাড়ি, কৃষিজমি, মৎস্যঘের ও সড়ক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্গত মানুষের মধ্যে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।