চেতনানাশক খাইয়ে অটোরিক্সাচালক হত্যা
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
আনোয়ারায় ‘গালকাটা জামাল’সহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে অটোরিক্সাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিক্সা ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত দুর্ধর্ষ আসামি “গালকাটা জামাল”সহ দুইজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের সোলেমান হাজীর বাড়ির মৃত আব্দুল হকের ছেলে মোহাম্মদ জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার (৩১)। পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সকালে দৈনিক ভাড়ায় চালিত ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন চালক আইয়ুব আলী। পরে আনোয়ারা থানাধীন শোলকাটা রাস্তার মোড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিক্সার মালিক মোহাম্মদ আলী আহাম্মদ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর সার্বিক নির্দেশনায়, আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহনুর রহমান সোহাগ এর তত্ত্বাবধানে এবং আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী এর নেতৃত্বে এসআই শিমুল চন্দ্র দাসের নেতৃত্বাধীন একটি টিম অভিযান চালিয়ে রোববার ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও পটিয়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত জামাল ওরফে গালকাটা জামাল দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আন্তঃজেলা চেতনানাশক চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রাম, মাদারীপুর ও খাগড়াছড়িসহ বিভিন্ন থানায় হত্যা, চেতনানাশক প্রয়োগ ও অটোরিক্সা চুরির একাধিক মামলা রয়েছে। আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :