আনোয়ারায় প্রাণিসম্পদ খাতে কৃত্রিম প্রজনন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
উন্নত জাতের গবাদিপশু উৎপাদন ও খামারিদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী নিউজ টিভি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত জাতের গবাদিপশু সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে দিনব্যাপী কৃত্রিম প্রজনন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রামের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের এআই (Artificial Insemination) টেকনিশিয়ান, খামারি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রামের উপপরিচালক (কৃত্রিম প্রজনন) উমর ফারুক। তিনি বলেন, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উন্নত জাতের গবাদিপশু উৎপাদন, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আর্থিক উন্নয়ন সম্ভব। প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন সেরিজে থেরিওজেনোলজিস্ট (কৃত্রিম প্রজনন) সমরঞ্জন বড়ুয়া। তিনি কৃত্রিম প্রজননের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ, প্রজনন ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আজম, ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া, চট্টগ্রাম ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূরুল হুদা এবং আমাস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইয়াছিন। বক্তব্যে চট্টগ্রাম ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূরুল হুদা বলেন, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির বিস্তার ছাড়া প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। মাঠপর্যায়ে দক্ষ এআই টেকনিশিয়ান তৈরি, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশুর সম্প্রসারণের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। এতে খামারিদের আয় বাড়ার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ের এআই টেকনিশিয়ান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অংশীজন কর্মশালায় অংশ নেন। বক্তারা বলেন, কৃত্রিম প্রজনন প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি কৃত্রিম প্রজনন কার্যক্রমের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়েও মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :