আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান শাহ্ স্থানীয় আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন বড় সন্তান। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষা উপলক্ষে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন হান্নান। সকালে বাড়ির পাশে সুপারি গাছ কাটতে গেলে গাছটি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন জানান, হান্নান সাধারণত তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষার কারণে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। সকালে পরীক্ষা না থাকায় সুপারি গাছ কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :