আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম গ্রেপ্তার
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
চাতরী চৌমুহনী বাজারে অভিযান, আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার মৃত মতিউর রহমানের ছেলে এবং বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত আব্দুর রহিমকে চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় আব্দুর রহিম এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সামাজিক বিরোধের সালিশে প্রভাব বিস্তার করতেন। তাঁদের দাবি, এসব সালিশকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ছিল এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অনেকের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন ভাষায় কথা বলতেন। এ বিষয়ে আব্দুর রহিম বা তাঁর পরিবারের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :