জিনিয়াসদের হাত ধরেই বিশ্বমঞ্চে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রফেসর রুহুল আমীন
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
আনোয়ারায় জিনিয়াস শিশু উৎসব ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ, ১৯৫ শিক্ষার্থীকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম)
আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, শিক্ষক ও উদ্ভাবক। তাদের সঠিক পরিচর্যা, নৈতিক শিক্ষা ও মেধার বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে। এমন মন্তব্য করেছেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন। শনিবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও জিনিয়াস শিশু উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "আজকের জিনিয়াসরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, একজন সুনাগরিক হিসেবেও নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, "সময়কে মূল্য দাও, নিয়মিত অধ্যয়ন করো, সততা ও শৃঙ্খলাকে জীবনের অংশ বানাও। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুশান্ত কুমার শীল ও বিলকিছ আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক মো. মোজাম্মেল হক। অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী বলেন, "আজকের ছোট ছোট অর্জনই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম এরশাদ হোসাইন, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যজন মীর জুবেদ, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মহসিন পারভেজ, হাসান জাহাঙ্গীর, শিক্ষক মুহাম্মদ নাছিম উদ্দিন, সাংবাদিক এমডিএইচ রাজু, রূপন দত্ত, রেজাউল করিম সাজ্জাদ, নুরুল কবির, নুরুল আজিম, তানজিম আহমেদ, সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র, বই এবং বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠিানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :