আনোয়ারায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের সন্দেহ হত্যার পর আত্মহত্যার নাটক
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা, (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সাকিব ওই এলাকার বাসিন্দা ইউনুসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা একটি দাওয়াতে গিয়েছিলেন। তখন বাড়িতে একাই ছিলেন সাকিব। রাত ১২টার দিকে তাঁরা বাড়িতে ফিরে ঘরের ভেতর সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে সাকিবের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর স্বজনেরা। তাঁদের দাবি, ঘটনাটি আত্মহত্যা নয়, তাঁকে হত্যা করে আত্মহত্যা হিসেবে দেখানো হয়ে থাকতে পারে। নিহতের মামা মো. নেজাম উদ্দিন বলেন, রাতে তাঁর বোন পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াতে গিয়েছিলেন। বাড়িতে তখন সাকিব একাই ছিলেন। রাত ১২টার দিকে তাঁরা ফিরে সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর পায়ের অবস্থাসহ ঘটনাস্থলের কিছু বিষয় তাঁদের সন্দেহের কারণ হয়েছে। নেজাম উদ্দিন বলেন, ‘আমাদের সন্দেহ হচ্ছে, সাকিবকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি স্বজনদের সন্দেহ ও অভিযোগও তদন্ত করে দেখা হবে।
আপনার মতামত লিখুন :