• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

রাতের আঁধারে রক্তাক্ত ট্র্যাজেডি: আনোয়ারায় মা-মেয়েকে হত্যা, গুরুতর আহত শিশু


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম

রাতের আঁধারে রক্তাক্ত ট্র্যাজেডি: আনোয়ারায় মা-মেয়েকে হত্যা, গুরুতর আহত শিশু


নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হৃদয়বিদারক ও রহস্যজনক এক হত্যাকাণ্ডের ঘটনায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশু। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত হয়েছে তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া। নিহতদের স্বজন ও স্থানীয়দের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘরের ভেতরে প্রবেশ করে প্রিয়ন্তী বড়ুয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এনি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে তারা মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, তিনি চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকার একটি আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং ঘটনার সময় কর্মস্থলে অবস্থান করছিলেন। রাতে স্বজনদের ফোন পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেনজনিত বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রীও লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলে দাবি করেন তিনি। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নৃশংস এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।