• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ চট্টগ্রামের আনোয়ারায় উৎকণ্ঠায় স্বামী-সন্তান ও স্বজনরা


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Photo

বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ
চট্টগ্রামের আনোয়ারায় উৎকণ্ঠায় স্বামী-সন্তান ও স্বজনরা

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মায়ের অসুস্থতার কথা বলে বাবার বাড়ি যাওয়ার পথে ফারজানা আকতার লিপি (৩৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি বাবার বাড়িতে পৌঁছাননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় স্বামী-সন্তানসহ স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ ফারজানা আকতার লিপি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী নাজিম উদ্দীনের স্ত্রী।

লিপির স্বামী নাজিম উদ্দীন জানান, তাঁর স্ত্রী মায়ের অসুস্থতার কথা বলে বাবার বাড়ি যাওয়ার জন্য গতকাল বিকেল ৩টার দিকে শ্বশুরবাড়ি ডুমুরিয়া গ্রামের বাসা থেকে বের হন। তাঁর বাবার বাড়ি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলি এলাকায়। তবে নির্ধারিত সময় পার হলেও লিপি সেখানে পৌঁছাননি।

এরপর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ সময় লিপির সন্তানরা স্কুলে ছিল বলে জানান তাঁর স্বামী।

লিপি বাবার বাড়িতে না পৌঁছানোর বিষয়টি জানতে পেরে স্বজনরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাজিম উদ্দীন বলেন, ‘মায়ের অসুস্থতার কথা বলে বিকেল ৩টার দিকে বাবার বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সে বাবার বাড়িতে পৌঁছায়নি। তার মোবাইলও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পাচ্ছি না।’

এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও লিপির সন্ধান না পাওয়ায় তাঁর স্বামী, সন্তান ও আত্মীয়স্বজনের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাঁর সন্ধান পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, ফারজানা আকতার লিপির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।