কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন, চেক ও সনদ বিতরণ
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন, চেক ও সনদ বিতরণ
মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ, বর্ণাঢ্য র্যালি ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) কর্ণফুলী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, কর্ণফুলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন যুব কাউন্সিলর এস এম মো. রিদুয়ান, সফল আত্মকর্মী ফারজানা আক্তার মুক্তা ও যুব সংগঠক তারেক সালাম। আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপকারভোগীদের হাতে চেক তুলে দেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষ পর্বে উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়। এ সময় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :