আনোয়ারায় ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে জিডি
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
আনোয়ারায় ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে জিডি
নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার, মানহানি ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) আনোয়ারা থানায় জিডিটি করেন স্থানীয় বাসিন্দা ও আইনজীবী অহিদুল ইসলাম চৌধুরী। জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি পেশায় একজন আইনজীবী এবং স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার পরিবারের সদস্য সরওয়ার জামান, যিনি আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, তাকেও লক্ষ্য করে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগে বলা হয়, “চাতরী ইউনিয়ন নিউজ পোর্টাল” নামে একটি ফেসবুক আইডি থেকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাদের বিরুদ্ধে মানহানিকর, বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে জিডিতে দাবি করা হয়। জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় চাতরী হাই স্কুলের সামনে অবস্থানকালে তারা বিষয়টি সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে নিজেদের ফেসবুক ওয়ালেও সংশ্লিষ্ট আইডির পোস্ট দেখতে পান। এ ঘটনায় তারা সামাজিক ও পেশাগত জীবনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। ভুক্তভোগীর দাবি, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে, যা সাইবার বুলিংয়ের শামিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের সমর্থনে কয়েকটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :